পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের হামলার আশঙ্কায় নিজেদের মুঠোফোন ও কম্পিউটারে ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করছে মার্কিন সামরিক বাহিনী। বিজ্ঞাপন সংস্থাগুলির সংগ্রহ করা অবস্থান-সংক্রান্ত তথ্য ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের গতিবিধি শনাক্ত করা হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ। মার্কিন সেনেটর রন ওয়াইডেনের প্রকাশ করা চিঠিতে বিষয়টি সামনে এসেছে। মার্কিন বিমানবাহিনী জানিয়েছে যে, প্রায় দু’মাস আগে তাদের কম্পিউটার ও মুঠোফোনে থাকা বিজ্ঞাপন শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করা হয়েছে। স্পেশাল অপারেশনস কমান্ডও উইন্ডোজ-চালিত যন্ত্রে এই ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে।

সেনাবাহিনী জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই তাদের মুঠোফোনে এটি বন্ধ রয়েছে। উইন্ডোজ কম্পিউটারে বিজ্ঞাপন আইডি ২০২১ সালের আগেই বন্ধ করা হয়েছিল এবং অ্যান্ড্রয়েড ও অ্যাপলের মুঠোফোনে অন্তত ফেব্রুয়ারি থেকে তা স্বয়ংক্রিয় ভাবে নিষ্ক্রিয় রয়েছে।

মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি এমন একটি পৃথক শনাক্তকারী, যার মাধ্যমে কোনও ব্যক্তির অবস্থান, অ্যাপ ব্যবহারের ধরন ও অনলাইন কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। এই তথ্য পরে ডেটা-বাণিজ্যকারী সংস্থার কাছে বিক্রি হতে পারে।
ওয়াইডেনের বক্তব্য, অ্যাড ট্র্যাকার বন্ধ করলেও মার্কিন সেনাদের অবস্থান-সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি পুরোপুরি দূর হয়নি।

তাই তিনি নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি প্যাট হ্যারিগানের সঙ্গে পেন্টাগনের কাছে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। সেনাদের অবস্থান-সংক্রান্ত তথ্য কীভাবে সংগ্রহ ও কেনাবেচা হচ্ছে, তাও খতিয়ে দেখতে বলেছেন তাঁরা।

গত জুলাইয়ে রয়টার্স জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে থাকা কিছু মার্কিন সেনাকে মুঠোফোন জমা দিতে বলা হতে পারে। কারণ, সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিয়ো থেকেও ইরান মার্কিন ঘাঁটির অবস্থান সম্পর্কে তথ্য পেতে পারে। প্রযুক্তিবিদ জ্যাক এডওয়ার্ডসের মতে, অ্যাড ট্র্যাকার বন্ধ করা ইতিবাচক পদক্ষেপ হলেও নেটওয়ার্ক ও অন্যান্য কারিগরি তথ্য মিলিয়েও অবস্থান শনাক্ত করা সম্ভব। উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইজ়রায়েলের হামলার পর শুরু হওয়া ইরান যুদ্ধ ছ’মাসে গড়িয়েছে। দীর্ঘ লড়াইয়ের মধ্যে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে তাই নতুন করে উদ্বেগ বাড়ছে।