পুবের কলম ওয়েবডেস্ক, সীমান্তবর্তী উত্তরবঙ্গের আট জেলার প্রশাসনকে অভিবাসন, বিদেশি নাগরিক এবং নাগরিকত্ব সংক্রান্ত বিষয় সামলানোর জন্য বিশেষ প্রশিক্ষণ দিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ১০ সেপ্টেম্বর শিলিগুড়ির উত্তরকন্যায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া ওই ওরিয়েন্টেশন কর্মসূচিতে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং কালিম্পং—এই আট জেলার জেলাশাসকদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের ভিত্তিতে রাজ্যের স্বরাষ্ট্র দফতর সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে এই নির্দেশ পাঠিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
প্রশিক্ষণে বিদেশি নাগরিকদের নথিভুক্তকরণ, তাঁদের ভারতে প্রবেশ ও অবস্থানের নিয়ম এবং জেলা প্রশাসনের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।
কেন্দ্রের সাম্প্রতিক আইনি কাঠামো অনুযায়ী বিদেশি নাগরিক সংক্রান্ত ব্যবস্থাপনায় জেলা স্তরের পুলিশ সুপার বা ডেপুটি কমিশনারদেরও নির্দিষ্ট প্রশাসনিক ক্ষমতা রয়েছে। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় উত্তরবঙ্গের জেলাগুলিতে এই সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতিকে আরও জোরদার করতেই বিশেষ প্রশিক্ষণের আয়োজন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
কেন্দ্রীয় আধিকারিকরাই জেলাশাসকদের এই প্রশিক্ষণ দেবেন। তবে কর্মসূচিতে কী কী নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।