কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার ভোরে বিশেষ সামরিক ও গোয়েন্দা অভিযান চালিয়ে প্রায় তিন টন ওজনের ডুবোযানটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।
আরও পড়ুন:
আইআরজিসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আটক করা ডুবোযানটি ‘ডাইভ-এলডি’ মডেলের একটি চালকবিহীন সাবমেরিন ড্রোন। প্রায় ৫ দশমিক ৮ মিটার দীর্ঘ এই ডুবোযানটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা ‘অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ’। গভীর সমুদ্রে দীর্ঘ সময় ধরে স্বয়ংক্রিয়ভাবে নজরদারি ও বিভিন্ন অভিযান পরিচালনার জন্য এটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
আরও পড়ুন:
বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সকালে তাদের নৌবাহিনীর সদস্যরা হরমুজ প্রণালিতে অভিযান চালিয়ে মার্কিন বাহিনীর ওই অত্যাধুনিক স্বয়ংক্রিয় ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে আনেন। ডুবোযানটির প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারের উদ্দেশ্য নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেছে ইরান।
আরও পড়ুন:
আইআরজিসির দাবি, অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই চালকবিহীন সাবমেরিনটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির প্রবেশমুখে এটি নজরদারি চালানোর কাজে নিয়োজিত ছিল বলেও দাবি করেছে ইরান। তবে মার্কিন পক্ষ থেকে এই দাবির বিষয়ে কোনও প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়নি।