পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘ বিতর্কের পর অবশেষে ভারতীয় হকি দলের জার্সিতে ফিরতে চলেছে চেনা নীল রং। হকি ইন্ডিয়ার তরফে ভারতীয় অলিম্পিক সংস্থাকে (আইওএ) স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ২০২৬ সালের আসন্ন এশিয়ান গেমসে জাতীয় দলের প্রথম জার্সি হিসেবে নীল রংকেই বেছে নেওয়া হচ্ছে। তবে বিকল্প বা দ্বিতীয় জার্সি হিসেবে রাখা হচ্ছে সদ্য প্রবর্তিত গেরুয়া রংকে।
মঙ্গলবার হকি ইন্ডিয়ার কোষাধ্যক্ষ শেখর মনোহরণ বিষয়টি নিশ্চিত করে জানান, আইওএ-র পক্ষ থেকে জার্সির রঙের বিকল্পগুলি জানতে চাওয়া হয়েছিল।

সেই নির্দেশিকা মেনেই প্রথম পছন্দ হিসেবে নীল এবং দ্বিতীয় হিসেবে গেরুয়াকে রাখা হয়েছে। উল্লেখ্য, গত অগস্ট মাসে বিশ্বকাপের ঠিক আগেই আচমকাই ভারতীয় দলের জার্সির রং বদলে গেরুয়া করা হয়েছিল। সেই সময় হকি ইন্ডিয়ার তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে, নীল টার্ফে নীল জার্সি পরে খেলতে খেলোয়াড়দের দৃশ্যমানতার সমস্যা হচ্ছিল। দলের অন্দর থেকে হলুদ বা কমলা রঙের প্রস্তাব দেওয়া হলে, জাতীয় পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে গেরুয়া রংটি চূড়ান্ত করা হয়।

তবে বিশ্বকাপের ঠিক আগে এই রং বদলকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ধনরাজ পিল্লাই, পারগৎ সিংহ এবং বীরেন রসকিনহার মতো প্রাক্তন অধিনায়কেরা এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। ভারতীয় হকির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক তথা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই পদক্ষেপকে সম্পূর্ণ 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' আখ্যা দেন। জল বহুদূর গড়ালে হকি ইন্ডিয়ার সভাপতি তথা প্রাক্তন তারকা খেলোয়াড় দিলীপ তিরকে প্রকাশ্যে দাবি করেন যে, এক্সিকিউটিভ বোর্ডের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই এবং তাঁর সম্পূর্ণ অজান্তে জার্সির রং বদলের ওই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশেষে পুরনো নীল জার্সি ফেরানোর সিদ্ধান্তে সেই বিতর্কের অবসান ঘটল বলেই মনে করছে ক্রীড়ামহল।