পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা হাই কোর্টের ৪৫ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। বুধবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। এই গুরুত্বপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার, একাধিক মন্ত্রী ও বিধায়ক। এছাড়াও বিভিন্ন আদালতের প্রাক্তন ও বর্তমান বিচারপতিরাও এই অনুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরে কলকাতা হাই কোর্টের কাজকর্ম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অধীনে চলছিল।
ফলে একটি স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন কলেজিয়াম গত ৯ এবং ৩১ আগস্ট স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে রবীন্দ্র ভিঠালরাও ঘুগের নাম সুপারিশ করে। এরপর কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে এই নিয়োগে চূড়ান্ত সম্মতি দিয়েছেন। কলকাতা ছাড়াও দেশের আরও বেশ কয়েকটি হাই কোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। আইনজীবী মহলের আশা, স্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ায় এবার হাই কোর্টের বিচার প্রক্রিয়ায় আরও গতি আসবে।আরও পড়ুন:
নতুন প্রধান বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে ১৯৯০ সালে আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পেশাগত জীবনে তিনি দু'হাজারেরও বেশি মামলায় সওয়াল করেছেন। প্রথম দিকে তিনি মূলত শ্রমিক সংগঠনগুলির হয়ে মামলা লড়লেও, পরবর্তী সময়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং বহুজাতিক সংস্থার হয়েও আদালতে সওয়াল করেছেন। বিচারক হিসেবেও তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। এবার সেই সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়েই কলকাতা হাই কোর্টের শীর্ষ পদ সামলাবেন তিনি।