এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রযুক্তিগত ত্রুটিতে বিপর্যস্ত ব্রিটেনের বিমান পরিষেবা। একদিনে হিথরো, গ্যাটউইক, ম্যানচেস্টার, বার্মিংহাম-সহ একাধিক বিমানবন্দরে বাতিল হয়েছে হাজারেরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ান। চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস জানিয়েছে, তাদের ফ্লাইট প্রসেসিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়।

হিথরো থেকে অন্তত ১০০টি এবং গ্যাটউইক থেকে ৩০০টির বেশি বিমান বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ প্রায় ১০০টি বিমান বাতিল বা অন্য পথে ঘুরিয়ে দেয়। রায়ানএয়ারের ৬৫ হাজারের বেশি যাত্রী সমস্যায় পড়েছেন বলে দাবি সংস্থাটির।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক উড়ানেও। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ব্রিটেনের এয়ার ট্রাফিক সার্ভিসে প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের কয়েকটি বিমান দেরিতে চলছে।