পুবের কলম ওয়েব ডেস্ক: ভাদ্রের তৃতীয় সপ্তাহেও রাজ্য থেকে বিদায় নিচ্ছে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, মৌসুমি অক্ষরেখা দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না বাংলা। নিম্নচাপটি ঘনীভূত হয়ে স্থলভাগের দিকে এগোলে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা।

বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় এদিন সকাল থেকেই রোদের দেখা মিললেও, পরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় দিনভর আর্দ্রতাজনিত চরম অস্বস্তি বজায় থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৭ শতাংশ। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা না থাকলেও, সপ্তাহান্তে ফের বৃষ্টিপাত বাড়বে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও শুক্রবার থেকে ফের দুর্যোগ শুরু হবে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। ওই দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।