পুবের কলম ওয়েবডেস্ক, শিক্ষক দিবসের বিশেষ খাওয়াদাওয়া ঘিরে রণক্ষেত্র জলপাইগুড়ি জেলা স্কুল। দশম শ্রেণির কয়েক জন পড়ুয়ার অভিযোগ, রান্নাঘরের কাছে যাওয়ায় তাঁদের উপর চড়াও হন প্রধান শিক্ষক ধর্মুচাঁদ বারুই। মারধরের জেরে কয়েক জন পড়ুয়া জখম হয়েছে বলেও দাবি তাদের। পরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভের সময় তিনি পড়ে গিয়ে মাথায় চোট পান বলে পড়ুয়াদের দাবি। যদিও তাঁকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তারা।

ঘটনার সূত্রপাত মঙ্গলবারের বিশেষ খাওয়াদাওয়া নিয়ে। গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে স্কুলে হাফ ছুটি থাকায় সেদিন বিশেষ আয়োজন হয়নি। পড়ুয়াদের দাবি, পরে মঙ্গলবার মিড ডে মিলে বিশেষ খাবার দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধান শিক্ষক। কিন্তু দশম শ্রেণির পড়ুয়ারা সেই খাবারের আওতায় ছিল না। খাবার দেখতে রান্নাঘরের কাছে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়।

এক পড়ুয়ার অভিযোগ, প্রধান শিক্ষক এক ছাত্রকে ধরে দেওয়ালে মাথা ঠুকে দেন এবং আর এক জনের গলা চেপে ধরেন। তাঁদের দাবি, এর পরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। খাবার বণ্টন নিয়েও প্রশ্ন তুলেছে পড়ুয়ারা। তাদের অভিযোগ, মাংস দেওয়া হলেও সবাই তা পায়নি এবং কয়েক বাটি আলাদা করে রাখা হয়েছিল শিক্ষকদের জন্য।

পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করতে গেলে পড়ুয়ারা পুলিশের গাড়িও আটকে দেয় বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল বলে স্থানীয় সূত্রের দাবি।