পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির প্রাক্তন মুখ্য সচিব রাকেশ মেহতা (৭৪) নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন। উত্তরপ্রদেশের নোইডায় অবস্থিত তাঁর নিজ বাসভবন থেকে ৬ সেপ্টেম্বর (শুক্রবার) তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে তিনি তাঁর এই চরম পদক্ষেপের জন্য মানসিক চাপ ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাকে দায়ী করেছেন। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ১৯৭৫ ব্যাচের ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) ক্যাডারের এই বর্ষীয়ান আধিকারিক দিল্লির প্রয়াত মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের কার্যকালে দীর্ঘ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
রাকেশ মেহতা তাঁর কর্মজীবনে দিল্লি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দিল্লি পুরনিগমের (এমসিডি) কমিশনার হিসেবে তাঁর মেয়াদ। প্রশাসনের শীর্ষ স্তরে তাঁর দীর্ঘ কাজের অভিজ্ঞতা এবং পরিবহন ও বিদ্যুৎ ব্যবস্থার সংস্কারে তাঁর গৃহীত পদক্ষেপগুলো প্রশাসনিক মহলে প্রশংসিত হয়েছিল। পুলিশ জানিয়েছে, চিরকুট ও প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে ঘটনার বিষদ অনুসন্ধান চালানো হচ্ছে। তাঁর এই আকস্মিক প্রয়াণে দিল্লির প্রশাসনিক ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।