পুবের কলম, নয়াদিল্লি: দুর্নীতির অভিযোগে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCD)-এর এক উচ্চপদস্থ আধিকারিককে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ধৃত আধিকারিকের নাম লেফট্যানেন্ট কর্নেল অভিষেক কুমার মিশ্র। তিনি এমসিডি-র শাহদারা উত্তর জোনের ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন। লাইসেন্সিং বিভাগ সংক্রান্ত একটি মামলায় ৪ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে হাতেনাতে ধরা হয় বলে সিবিআই সূত্রে জানা গেছে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ঘটনার সূত্রপাত একটি অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ ছিল, অ্যাকাউন্টস অফিসার দিব্যাংশু গৌতম একজন লাইসেন্স ইন্সপেক্টরের কাছ থেকে ৪ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন। এই অভিযোগ পাওয়ার পরই সিবিআই-এর একটি বিশেষ দল জাল পাতে। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে অভিযান চালিয়ে দু'জনকেই হাতেনাতে গ্রেপ্তার করেন তদন্তকারীরা।
সিবিআই-এর এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন, অভিষেক কুমার মিশ্রের বিরুদ্ধে ঘুষ চাওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই দুর্নীতির জাল আরও গভীরে বিস্তৃত। এই চক্রে আরও বড় কোনো মাথা বা একাধিক আধিকারিক জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেফতারির পর ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।