পুবের কলম ওয়েব ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ফাইনান্স অফিসার নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য আর এন রবি। বুধবার দুপুর ২টো নাগাদ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে দায়িত্ব নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক দেবজিৎ দত্ত। অন্যদিকে, ফাইনান্স অফিসার পদে যোগ দিচ্ছেন কলা বিভাগের সচিব ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। আপাতত আগামী ছ’মাসের জন্য তাঁরা এই দায়িত্বভার সামলাবেন।
আরও পড়ুন:
গত এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের পূর্বতন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডল এবং অস্থায়ী ফাইনান্স অফিসার শিলাদিত্য চট্টোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ দ্বিতীয়বারের জন্য বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ছ'মাসের বেশি কারও মেয়াদ এইভাবে বৃদ্ধি করা যায় না। এই নিয়ম লঙ্ঘনের কারণেই তাঁদের সরিয়ে নতুন আধিকারিকদের নিয়োগ করল রাজভবন। বুধবার উচ্চশিক্ষা দফতরের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি চিঠি পাঠানো হয়।
সেই চিঠিতে যুক্ত থাকা আচার্যের নির্দেশপত্রে স্পষ্ট জানানো হয়েছে যে, নিয়ম ভেঙেই ওই দুই আধিকারিকের মেয়াদ বাড়ানো হয়েছিল।আরও পড়ুন:
পূর্বতন দুই আধিকারিকের মেয়াদ বৃদ্ধি নিয়ে আগেই সরব হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। শিক্ষক সংগঠন ‘আবুটা’-র সাধারণ সম্পাদক গৌতম মাইতি জানিয়েছিলেন, কর্মসমিতির বৈঠকে নেওয়া মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। একই অভিযোগ তুলেছিলেন প্রাক্তন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। রাজ্যপালের এই নতুন নিয়োগের পর বুদ্ধদেববাবু জানান, তাঁদের অভিযোগ যে সঠিক ছিল তা এবার প্রমাণিত হল। এর পাশাপাশি, নিয়মবহির্ভূত এই কাজের জন্য বর্তমান কর্মসমিতিকে ভেঙে দেওয়া এবং উপাচার্য-সহ যুক্ত অন্যান্যদের অপসারণেরও দাবি জানিয়েছেন তিনি।