পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লিতে নিজের বাড়ির সামনে এক মণিপুরি সঙ্গীতশিল্পীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। দক্ষিণ-পূর্ব দিল্লির কি লোকরি এলাকায় রবিবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিল্পীর নাম সি বিক্রম সিং (৫৪)। তিনি মনিপুরের একজন প্রখ্যাত গিটারিস্ট ও সঙ্গীত শিক্ষক ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিল্লির হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই ঘটনায় ইতিমধ্যে ১ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ৮ জনকে আটক ও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মণিপুরের প্রখ্যাত রক ব্যান্ড ‘ফিনিক্স’-এর প্রাক্তন এই লিড গিটারিস্টের আকস্মিক মৃত্যুতে উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক মহলে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।নিহত বিক্রম সিংয়ের স্ত্রী জোসনা চোংথাম জানান, বাড়ির সামনে বিকট শব্দে গানবাজনা ও হইচই করার প্রতিবাদ জানিয়ে সাউন্ড কমাতে বলাতেই অভিযুক্তরা হিংস্র হয়ে ওঠে। বিক্রম সিংকে ধাওয়া করে তাঁর দরজার সামনে ধরে নিয়ে গিয়ে উপরিউপরি কিল-ঘুসি ও ভারী আঘাত করে পালায় দুষ্কৃতীরা। পুলিশের কাছে দেওয়া অভিযোগে নিহতের ছেলে ইয়াফাবা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ট্যাক্সিতে তাঁর বাবা জানিয়েছিলেন যে অভিযুক্তরা নিচের একটি ধাবা থেকে এসেছিল এবং বাড়ির সামনে মদ খেতে বাধা দেওয়ায় এর আগেও তারা বিক্রম সিংকে একাধিকবার হুমকি দিয়েছিল। পরিবারের দাবি, আগে থেকে হুমকি দেওয়ার কারণেই পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। সিসিটিভি ফুটেজে ঘটনার পর অভিযুক্তদের এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা গেছে।
ঘটনার খবর পেয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি এই নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং একটি নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত নিশ্চিত করার আর্জি জানান। একই সঙ্গে দিল্লিতে বসবাসকারী উত্তর-পূর্ব ভারতের মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।