পুবের কলম ওয়েব ডেস্ক: উৎসবের মরশুমের ঠিক আগেই রাজ্য সরকারি কর্মী ও তাঁদের পরিবারের জন্য বড় ঘোষণা করল নবান্ন। 'ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম'-এর আওতায় তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা ২ লক্ষ টাকা থেকে একধাক্কায় বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। অর্থ দফতরের মেডিক্যাল সেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকেই প্রাপকরা এই অতিরিক্ত ৩ লক্ষ টাকার ক্যাশলেস সুবিধা পাবেন। সরকারের এই পদক্ষেপে রাজ্যের প্রায় আড়াই লক্ষ কর্মরত কর্মী, দেড় লক্ষ পেনশনভোগী এবং তাঁদের উপর নির্ভরশীল সদস্য মিলিয়ে মোট ১১ লক্ষ মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুন:
ক্যাশলেসের সীমা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসার নিয়মেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে। নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে কো-মর্বিডিটি-সহ অন্যান্য রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ বা সুপার স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসকের রেফারেল আর বাধ্যতামূলক থাকছে না। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটালস অ্যান্ড নার্সিং হোমস। সংগঠনের পক্ষে চিকিৎসক রাজীব পাণ্ডে জানিয়েছেন, ক্যাশলেস চিকিৎসার সীমা বৃদ্ধির ফলে অসংখ্য মানুষ এখন থেকে রাজ্যের প্রথম সারির বেসরকারি হাসপাতালগুলিতে আরও সহজে আধুনিক ও উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।