পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর আগেই রাজ্যের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে ফের চালু হতে চলেছে ঐতিহাসিক মহাকরণ। আগামী ১০ অক্টোবর, মহালয়ার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের আরও পাঁচ মন্ত্রীর দপ্তর সেখানে স্থানান্তরিত হতে চলেছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায় এবং পূর্তমন্ত্রী অজয় পোদ্দার মহাকরণ থেকে কাজ শুরু করবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র বসার জায়গাও অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রস্তুত করা হচ্ছে।
আরও পড়ুন:
সম্প্রতি পূর্তমন্ত্রী অজয় পোদ্দার আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করে দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ২০১৩ সালে এই প্রাচীন ভবনটির সংস্কারের কারণে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সদর দপ্তর মহাকরণ থেকে নবান্নে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কাজ সম্পূর্ণ হয়নি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান বিজেপি সরকার আগেই স্পষ্ট করে দিয়েছিল যে নবান্ন নয়, ঐতিহ্যবাহী মহাকরণ থেকেই সরকার পরিচালিত হবে। সেই প্রতিশ্রুতি মেনেই মহালয়ার আগে মুখ্যমন্ত্রীর মহাকরণে ফেরার তোড়জোড় শুরু হয়েছে। আগামী দিনে মহাকরণের বাকি সংস্কার কাজের দায়িত্ব আদানি গোষ্ঠীকে দেওয়া হতে পারে বলেও প্রশাসনিক মহলে জল্পনা তৈরি হয়েছে।