পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলির পরিকাঠামো ও সরকারি অনুমোদন যাচাই করে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রথম দফায় ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। বন্ধের নোটিসের কপি সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে।

রাজ্যে প্রায় ২,৩৯৬টি মাদ্রাসার সরকারি অনুমোদন নেই বলে সমীক্ষায় উঠে এসেছে।

গত ২২ জুলাই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে এই সমীক্ষা চালানো হয়। মাদ্রাসাগুলির পরিকাঠামো, পাঠক্রম, নথিপত্র এবং পড়ুয়াদের তথ্য যাচাইয়ের পরই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

সরকারি সূত্রের দাবি, শোকজ করা মাদ্রাসাগুলিরও পরিকাঠামোগত বেশ কিছু ঘাটতি রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব ও প্রয়োজনীয় নথি দেখাতে না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। 
সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, “কলকাতাৎ পাশাপাশি ২২টি জেলার সব মাদ্রাসা থেকে নথি সংগ্রহ করা হয়েছে। যে সমস্ত মাদ্রাসার অনুমোদন রয়েছে তা সেগুলি চালু রয়েছে।”