পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের বর্তমান শিক্ষাব্যবস্থা তরুণ প্রজন্মকে এগিয়ে দেওয়ার বদলে ক্রমাগত তাদের ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে— এমনই অভিযোগ তুললেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স-এ এক পোস্টে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সরাসরি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেন তাঁরা এই ব্যবস্থার ওপর থেকে ভরসা হারিয়েছেন তা যেন উন্মুক্ত প্ল্যাটফর্মে শেয়ার করেন। রাহুল গান্ধী জানান, শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার করতে হলে যাঁরা প্রতিদিন এই ব্যবস্থার ত্রুটিগুলোর সম্মুখীন হচ্ছেন, প্রথম পদক্ষেপ হিসেবে তাঁদের কথা শোনা বাধ্যতামূলক।
আরও পড়ুন:
নিজের এক্স পোস্টে রাহুল গান্ধী শিক্ষাক্ষেত্রের একাধিক জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরেন।
তিনি লেখেন, "ভারতের শিক্ষাব্যবস্থা আজ সেই প্রজন্মকেই হতাশ করছে, যাদের গড়ে তোলার কথা ছিল। প্রশ্নপত্র ফাঁস, অতিরিক্ত ও পিষে ফেলা ফি-র বোঝা এবং ভঙ্গুর পরিকাঠামো— লক্ষ লক্ষ তরুণ ভারতীয় সততার সাথে পরিশ্রম করছে, তবুও এই ব্যবস্থা তাদের বারবার প্রতারিত করছে।"আরও পড়ুন:
এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে তিনি ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিজেদের অভিজ্ঞতা, প্রমাণ ও পরামর্শ একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করার অনুরোধ জানান। তিনি বলেন, "প্রতিদিনের ব্যর্থতা যারা সহ্য করছেন, তাদের কথা শোনার মাধ্যমেই সংস্কারের সূচনা হবে।
আমরা সবাই মিলে আবার আশা ফিরিয়ে আনব।"আরও পড়ুন:
শিক্ষাব্যবস্থায় অর্থপূর্ণ ও কার্যকর পরিবর্তনের জন্য সারা দেশের শিক্ষার্থীদের কথা শোনা অত্যন্ত জরুরি বলে মনে করেন কংগ্রেস নেতা। সেই লক্ষ্যেই তিনি নিয়মিত ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ শীর্ষক একটি বিশেষ উদ্যোগ পরিচালনা করছেন। আগামী ১৯ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে এই উদ্যোগের পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।