পুবের কলম ওয়েব ডেস্ক: শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত শতাধিক সমঝোতা স্মারকের (মউ) ভবিষ্যৎ নিয়ে এবার পর্যালোচনা শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার ঢাকায় জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার ১০১টি চুক্তি নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং খুব শিগগিরই এ বিষয়ে ঢাকা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এই চুক্তিগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো উত্তর-পূর্ব ভারতে পণ্য সরবরাহের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের মউ, যা ২০১৫ সালে স্বাক্ষরিত হয়েছিল।
আরও পড়ুন:
গত বছর অগস্টে হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়।
পরে চলতি বছরের শুরুতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হলেও, গত অগস্টে দিল্লিতে শেখ হাসিনার একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক ঘিরে ফের অস্বস্তি বাড়ে। এর মাঝেই ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। তাঁকে দ্বিপাক্ষিক সফরের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ঢাকার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তারেক রহমান বা বাংলাদেশের কোনও সরকারি প্রতিনিধি ব্রিক্স সম্মেলনে যোগ দিচ্ছেন না। পাশাপাশি, দ্বিপাক্ষিক সফরের দিনক্ষণও এখনও চূড়ান্ত হয়নি।