পুবের কলম ওয়েবডেস্ক, জামশেদপুরের ব্যবসায়ী নিখর সবলোক খুনের ঘটনায় কলকাতা পুলিশের এক ট্র্যাফিক সার্জেন্ট ও এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করল ঝাড়খণ্ড পুলিশ। শুক্রবার গ্রেপ্তার করা হয় বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট অয়ন গুপ্ত এবং সেখানকারই মহিলা সিভিক ভলান্টিয়ার টুইঙ্কল দাসকে। তাঁদের কলকাতার বাড়ি যথাক্রমে পর্ণশ্রী ও চাউল পট্টি রোড এলাকায়।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, গত ২৪ অগস্ট জামশেদপুর থেকে রাঁচি যাওয়ার পথে ‘হোটেল টেনথ মাইলস্টোন’-এর সামনে গুলি করে খুন করা হয় ব্যবসায়ী নিখরকে। কান্ডেরবেরা-আসানবনি রোডের পিঞ্জরা পাহাড়িয়া এলাকায় সাড়ে তিন একর জমি নিয়ে দুই দুষ্কৃতী গোষ্ঠীর বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
আরও পড়ুন:
তদন্তে উঠে এসেছে, উত্তরপ্রদেশের সুলতানপুরের দুই ভাড়াটে খুনিকে ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। দুমকা জেল থেকেই খুনের পরিকল্পনা করা হয়। ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঝাড়খণ্ড পুলিশের বিশেষ দল। তাঁদের মধ্যে এক শার্প শুটার খুনের পর কলকাতায় পালিয়ে এসেছিল। অয়ন ও টুইঙ্কলের সঙ্গে ধৃতদের কী যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।