পুবের কলম ওয়েবডেস্ক, প্যাকেটজাত খাবারে স্বাস্থ্য সতর্কবার্তা দেওয়ার নিয়ম কার্যকর করতে কেন্দ্রকে স্পষ্ট সময়সীমা জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দেওয়া নির্দেশে আদালত কেন্দ্রীয় সরকারকে ১০ দিনের মধ্যে এই ব্যবস্থা কার্যকরের পথনকশা জানাতে বলেছে।

একটি স্বাস্থ্য সংগঠনের আবেদনের পর খাদ্যপণ্যে আরও কড়া সতর্কবার্তা চালুর জন্য সরকারের ওপর চাপ বাড়ছে। দেশজুড়ে খাদ্য নিরাপত্তা নিয়ে অভিযানও চলছে।

 খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা গত মাসে দুই ধাপে সতর্কবার্তা চালুর প্রস্তাব দিয়েছিল। প্রথম ধাপে যেসব প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ বা সম্পৃক্ত চর্বির মধ্যে অন্তত দুটির মাত্রা নির্ধারিত সীমার বেশি, সেগুলিতে লাল রঙের ষড়ভুজ আকৃতির সতর্কবার্তা দেওয়ার কথা বলা হয়। দ্বিতীয় ধাপে আরও কঠোর নিয়ম চালুর প্রস্তাব রয়েছে।

বৃহস্পতিবারের নির্দেশে সুপ্রিম কোর্ট আশঙ্কা প্রকাশ করে, নির্দিষ্ট সময় না থাকলে দ্বিতীয় ধাপ পিছিয়ে যেতে বা অনির্দিষ্টকালের জন্য আটকে যেতে পারে।

শিল্পমহলকে পণ্য তৈরির পদ্ধতি বদলানোর সময় দেওয়া বা ক্রেতারা নতুন সতর্কবার্তা কতটা গ্রহণ করবেন, তা যাচাই—এই অনিশ্চয়তার কারণ হতে পারে না বলেও জানায় আদালত।

সরকারি এক সূত্র জানিয়েছে, খাদ্য নিয়ন্ত্রক সংস্থা আদালতের নির্দেশ খতিয়ে দেখবে। তবে দুই ধাপের নিয়ম একসঙ্গে চালু করার বিষয়েও তারা আগ্রহী। দেশের খাদ্য ও পানীয় শিল্প এই সতর্কবার্তার বিরোধিতা করে একে বিভ্রান্তিকর ও অকার্যকর বলে দাবি করেছে।