পুবের কলম ওয়েব ডেস্ক: তীব্র জলকষ্টের জেরে এবার নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াল পাকিস্তানের জওয়ানরা। সম্প্রতি দক্ষিণ ওয়াজিরিস্তানের আসমান মানজা সেনাঘাঁটিতে একটি জলের ট্যাঙ্কার এসে পৌঁছলে, কারা আগে জল নেবে তা নিয়ে স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি), ফ্রন্টিয়ার কোর এবং পাক গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যে তীব্র বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা হাতাহাতি ও রণক্ষেত্রের চেহারা নেয়। এই ঘটনায় অন্তত ২২ জন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ওয়াজিরিস্তানের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরেই চরম জল সংকট চলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ঘটনার একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সেনার উর্দি ও সাদা পোশাকে থাকা আধিকারিকরা জলের দখল নিতে একে অপরকে লাথি ও ঘুঁষি মারছেন। চলতি মাসের শুরুতে প্রশাসনের তরফে সংশ্লিষ্ট এলাকায় জল সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হলেও বাস্তবে তার কোনও সুরাহা হয়নি। জলের মতো প্রাথমিক চাহিদার অভাবে খোদ সেনাঘাঁটির ভেতরে জওয়ানদের এই বেনজির গোষ্ঠীদ্বন্দ্ব পাক সেনার অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।