পুবের কলম ওয়েবডেস্ক, হিমবাহ দ্রুত গলছে—এ কথা বহু দিন ধরেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু এভারেস্টের খুম্বু হিমবাহ নিয়ে নতুন এক গবেষণায় উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। শুধু বৈশ্বিক উষ্ণায়ন নয়, এভারেস্ট বেজ ক্যাম্পে মানুষের নানা কর্মকাণ্ডও বরফ গলানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। এমনকি হিমবাহের উপর সরাসরি ফেলে দেওয়া মূত্রের তাপও বরফ গলানোর অন্যতম কারণ হয়ে উঠেছে।

আন্তর্জাতিক একদল গবেষক ২০২৩ সালের বসন্তে ৫০ দিনের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব করেছেন।

ওই সময় নেপালের অংশে অবস্থিত এভারেস্ট বেজ ক্যাম্পে প্রায় ১ হাজার ৬০০টি তাঁবু ছিল। রান্না, তাঁবু গরম রাখা ও বিদ্যুৎ সরবরাহের জন্য সেখানে ৮২৪টি এলপিজি সিলিন্ডার, ১৮ হাজার ৯৩৫ লিটার কেরোসিন এবং ৫ হাজার ১৩০ লিটার পেট্রল ব্যবহার করা হয়।

গবেষকদের হিসাব অনুযায়ী, জ্বালানি পোড়ানো এবং মানুষের মূত্র থেকে উৎপন্ন তাপ মিলিয়ে প্রায় ৮ লাখ ৪৯ হাজার মেগাজুল শক্তি তৈরি হতে পারে। এই পরিমাণ শক্তি প্রায় ২ হাজার ৪৯২ টন বরফ ও তুষার গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হিসাবের সম্ভাব্য ত্রুটি ধরলে পরিমাণটি ১ হাজার ৯৬৪ থেকে ৩ হাজার ২০ টন পর্যন্ত হতে পারে।

এভারেস্টে প্রতিদিন প্রায় ছয় হাজার লিটার মূত্র উৎপন্ন হয়। এর মধ্যে বিপুল অংশ হিমবাহের উপরেই ফেলে দেওয়া হয়। শুধু সেই মূত্রের তাপেই এক মৌসুমে প্রায় ১৫৪ টন বরফ গলতে পারে বলে গবেষণায় দাবি করা হয়েছে।

তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, হিমবাহ গলার প্রধান কারণ এখনও জলবায়ু পরিবর্তন। ১৯৯১ থেকে ২০২৩ সালের উপগ্রহচিত্রে বেজ ক্যাম্প এলাকায় বছরে গড়ে ০.২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিও ধরা পড়েছে। গবেষকদের মতে, দ্রুত গলতে থাকা হিমবাহের উপর প্রতি বছর হাজার হাজার মানুষের এমন ভিড় দীর্ঘমেয়াদে টেকসই নয়।