পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি কেবল বড় বাজেটের পুজো নয়, সময় পেলে দলের নেতাদের আয়োজিত অপেক্ষাকৃত ছোট পুজোতেও সশরীরে গিয়ে উদ্বোধন করবেন। পুজো উদ্বোধনের ক্ষেত্রে তিনি কোনও ভার্চুয়াল মাধ্যমের সাহায্য নেবেন না। বুধবার সল্টলেকের বিধাননগরে রাজ্য বিজেপির কার্যালয়ে ‘জনতার দরবার’ কর্মসূচি শেষে দলীয় নেতাদের সঙ্গে আলোচনাকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষ থেকেই পুজো উদ্বোধন শুরু করতেন এবং অনেক পুজো ভার্চুয়ালি সারতেন। কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি মহালয়ার পরের দিন অর্থাৎ দেবীপক্ষ থেকে এই কাজ শুরু করবেন।

দ্বিতীয়া বা তৃতীয়ায় মধ্যেই কলকাতা ও শহরতলির উদ্বোধনের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছেন তিনি। প্রতিটি মণ্ডপে তিনি খুব অল্প সময় কাটাবেন। কোনও রকম দীর্ঘ ভাষণ না দিয়ে কেবল আনুষ্ঠানিক উদ্বোধন করে, প্রদীপ জ্বালিয়ে, প্রতিমা দর্শন ও উদ্যোক্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই তিনি অন্য মণ্ডপের উদ্দেশে রওনা দেবেন।

এদিন নিউটাউনের ডিবি ব্লকের পুজোর অন্যতম উদ্যোক্তা তথা বিজেপি নেতা অনুপম ঘোষ মুখ্যমন্ত্রীকে উদ্বোধনের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর উদ্বোধনের একটি নির্দিষ্ট তালিকা তৈরি করার কাজ শুরু করেছেন দলের আধিকারিকরা। অপেক্ষাকৃত কম বাজেটের পুজোগুলোতেও সশরীরে যাওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর এই আন্তরিক ঘোষণায় রাজ্য বিজেপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।