পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের একাধিক পুরসভার প্রধানদের পদত্যাগের পর এবার ইস্তফা দিলেন মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বর্ষীয়ান তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। বুধবার দুপুরে বোর্ড অফ কাউন্সিলারদের সঙ্গে একটি বৈঠকের পরেই তিনি নিজের পদ ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে, তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না।

পাঁচবারের এই পুরপ্রধানের ইস্তফার পরেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

মঙ্গলবারই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যথেষ্ট শ্রদ্ধা করলেও তৃণমূলের হয়ে আর কখনও ভোটে লড়বেন না। বুধবার পদত্যাগের পর তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জানান, আগামী দিনে তিনি ‘বড় ছাতার তলায়’ থাকবেন এবং পরিস্থিতির উপর বিচার করেই পরবর্তী পদক্ষেপ করবেন। দীর্ঘদিন ধরে মালদহের রাজনীতিতে দাপট বজায় রাখা কৃষ্ণেন্দু একসময় কংগ্রেস বিধায়ক ছিলেন, পরে তৃণমূলে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রীও হন। তবে তাঁর পদত্যাগের পরেও ইংরেজবাজার পুরসভায় তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠতা বজায় রয়েছে।