পুবের কলম ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রে আসন্ন নবরাত্রির গরবা ও ডান্ডিয়া অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার যে দাবি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) তুলেছে, তা সম্পূর্ণ 'সংবিধানবিরোধী'। বুধবার ছত্তীসগঢ়ের রায়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা স্পষ্ট করে দিলেন কেন্দ্রের সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস অঠাওয়ালে।
আরও পড়ুন:
কেন্দ্রীয় মন্ত্রী জানান, বাবাসাহেব অম্বেডকরের রচিত সংবিধান অনুযায়ী ভারত পরিচালিত হয় এবং এই সংবিধান সব ধর্মের মানুষকে সমান সুরক্ষা দেয়। তাঁর কথায়, ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের উৎসবে যোগ দেওয়ার অধিকার প্রত্যেক মানুষের রয়েছে।
রাজস্থানের অজমের শরিফে বহু হিন্দু দর্শনার্থীর যাওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের উচিত একসঙ্গে দেশের জন্য কাজ করা। এর বিরুদ্ধে কোনওরকম অবস্থান নেওয়া হলে তা কখনোই সমর্থনযোগ্য নয়।আরও পড়ুন:
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হওয়া নবরাত্রির আগে ভিএইচপি নির্দেশিকা জারি করেছিল যে, গরবায় যোগদানকারীদের কপালে তিলক থাকা আবশ্যিক এবং পরিচয়পত্র যাচাই করেই প্রবেশাধিকার দিতে হবে। ভিএইচপি-র এই দাবিকে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নীতেশ রানে সমর্থন জানালেও, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা ফডণবীস এবং বিরোধী দলগুলি শুরু থেকেই এর কড়া সমালোচনা করে আসছে।