পুবের কলম ওয়েব ডেস্ক: ভোটার তালিকায় নামের বানানে অসঙ্গতি থাকায় কর্নাটকে তলব করা হল ৯২ বছর বয়সি প্রখ্যাত বিজ্ঞানী তথা ভারতরত্ন প্রাপক সিএনআর রাওকে। নামের এই বিভ্রান্তি কাটাতে বেঙ্গালুরু সংলগ্ন মল্লেশ্বরমে প্রয়োজনীয় নথি-সহ তাঁকে ভোটার তালিকা সংশোধনের শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় এই প্রবীণ বিজ্ঞানীর নাম নথিবদ্ধ ছিল 'প্রফ (অধ্যাপক) সিএনআর রাও' হিসেবে। কিন্তু বর্তমান তালিকায় 'প্রফ' বানানে একটি অতিরিক্ত 'এফ' বর্ণ যুক্ত হয়ে গিয়েছে। মূলত এই ছোট ধন্দটি পরিষ্কার করতেই তাঁকে শুনানিতে ডেকে পাঠিয়েছে কমিশন।
আরও পড়ুন:
রসায়নবিদ্যার জগতে সিএনআর রাও এক অতি বিশিষ্ট নাম। নোবেল ব্যতীত বিশ্বের প্রায় সমস্ত শীর্ষস্থানীয় পুরস্কার তিনি পেয়েছেন। দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন ছাড়াও তিনি পদ্মশ্রী ও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত। ভারতের বিজ্ঞান সংক্রান্ত সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রেও তাঁর বিরাট অবদান রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, আই কে গুজরাল এবং মনমোহন সিংহের শাসনকালে তিনি কেন্দ্রের বিজ্ঞানবিষয়ক পরামর্শদাতা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।