পুবের কলম ওয়েব ডেস্ক: সম্প্রতি ওয়াটগঞ্জ থানা এলাকায় বেআইনিভাবে মজুত করা আড়াই হাজার বোতল কোডাইন যুক্ত কাশির সিরাপ উদ্ধারের ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। নেশার উদ্দেশ্যে ব্যবহৃত ওষুধের অবৈধ কারবার রুখতে বুধবার বড়বাজারের মেহতা বিল্ডিং, তিলজলা ও তপসিয়া এলাকায় একযোগে অভিযান চালাল ড্রাগ কন্ট্রোল এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

মেহতা বিল্ডিংয়ে এমএস লাইফলাইন ড্রাগ প্রাইভেট লিমিটেড-সহ কেবি ফার্মা, সিএল দত্ত অ্যান্ড কোম্পানি, দেশাই অ্যান্ড কোম্পানি এবং পাল ব্রাদার্সের মতো পাইকারি ওষুধের দোকানে তল্লাশি চালান আধিকারিকেরা। উল্লেখ্য, রাজ্যের একাধিক সরকারি মেডিক্যাল কলেজে এমএস লাইফলাইনের ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে।

এই অভিযানে মূলত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হওয়া কাশির সিরাপ, ব্যথার ওষুধ এবং মানসিক রোগের ওষুধের মজুত ও বিক্রির হিসাব খতিয়ে দেখা হয়।

ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, অভিযানে মেহতা বিল্ডিংয়ের একাধিক দোকানের মজুত ওষুধের শারীরিক হিসাব এবং নথির হিসাবে ব্যাপক গরমিল ধরা পড়েছে। কিছু ক্ষেত্রে ওষুধের ব্যাচ নম্বরও মেলেনি। একটি দোকানে ফ্রিজের ভেতর থেকে ওষুধের নথি উদ্ধার হওয়ায় আধিকারিকরা প্রশ্ন তুলেছেন। সম্প্রতি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের অনিয়মের অভিযোগে স্বাস্থ্যভবন যে পদক্ষেপ করেছে, তার সঙ্গেও এই তল্লাশি অভিযানের যোগসূত্র রয়েছে বলে জানা গিয়েছে।