পুবের কলম, নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরে জলজট নিয়ে বিভ্রান্তিকর পোস্ট। এবার একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি বিমানবন্দর পরিচালনা সংস্থা 'দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড' (ডায়াল)। গত সপ্তাহের ভারী বৃষ্টির পর বিমানবন্দরে জলজমাট ও বিমান পরিষেবা ব্যাহত হওয়ার ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৬৩টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। দিল্লি পুলিশের কাছে এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:
গত ৪ সেপ্টেম্বর, মুষলধারে বৃষ্টির পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩ এর অ্যারাইভাল ফোরকোর্টে সাময়িকভাবে কিছুটা জল জমা হয়েছিল।
ডায়ালের অভিযোগ, কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী পুরনো ও অন্য দেশের ভিডিও ব্যবহার করে দিল্লি বিমানবন্দর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। বিমানবন্দর পরিচালনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, যে সমস্ত ভিডিও ছড়ানো হয়েছিল, তার মধ্যে একটি পোস্টে দুবাই বিমানবন্দরের জলজমাটের একটি পুরনো ভিডিওকে দিল্লি বিমানবন্দরের ঘটনা বলে দাবি করা হয়েছিল। অ্যারাইভাল চত্বরে জমে থাকা জল মাত্র ২০ মিনিটের মধ্যে পুরোপুরি নিষ্কাশন করা হয়। একটি জনসেবামূলক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং যাত্রীদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে। ডায়াল কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক মাধ্যমে এই ধরনের অপপ্রচার জনস্বার্থের পরিপন্থী এবং কোনো ভিত্তিহীন তথ্য বা ভিডিও শেয়ার করার আগে তা যাচাই করার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।