দক্ষিণ কোরিয়ার আইনি ইতিহাসে সবচেয়ে বড় ডিভোর্স সেটেলমেন্টের রায় দিয়েছে সিউলের একটি আদালত। ভিডিও গেম জায়ান্ট স্মাইলগেটের প্রতিষ্ঠাতা কওন হিয়ক-বিনকে তাঁর সাবেক স্ত্রীকে ২ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন, ভারতীয় মুদ্রায় প্রায় ১৫–১৬ হাজার কোটি টাকা মূল্যের সম্পদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্মাইলগেটের ৩৫ শতাংশ শেয়ার এবং ৬৫ বিলিয়ন ওন নগদ।

কওন ২০০২ সালে স্মাইলগেট প্রতিষ্ঠা করেন। ‘ক্রসফায়ার’ ও ‘লস্ট আর্ক’-এর মতো জনপ্রিয় গেম তৈরি করেছে সংস্থাটি।

তাঁর স্ত্রী দাবি করেছিলেন, কোম্পানি গড়ে তোলা ও সংসার সামলানোর ক্ষেত্রে তাঁরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অন্যদিকে কওনের দাবি ছিল, কোম্পানিতে তাঁর স্ত্রীর কোনো আর্থিক বিনিয়োগ ছিল না।

আদালত কওনের ১০০ শতাংশ শেয়ারের মূল্য প্রায় ৭.১ ট্রিলিয়ন ওন ধরে স্ত্রীকে ৩৫ শতাংশ শেয়ার দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ৬৫ বিলিয়ন ওন নগদ দিতে হবে। এই রায় দক্ষিণ কোরিয়ার আগের ডিভোর্স সেটেলমেন্টের রেকর্ডের তুলনায় দ্বিগুণেরও বেশি।