পুবের কলম ওয়েব ডেস্ক: একাধিক আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগের মুখে অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তিনি সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান পদে কর্মরত ছিলেন। এর আগে অভিযোগের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে তাঁকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছিল। এবার তিনি নিজেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামি লিগের একাধিক নেতা-মন্ত্রীর পাশাপাশি সায়মার বিরুদ্ধেও তদন্ত শুরু করে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, মায়ের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে তিনি ‘হু’-এর এই গুরুত্বপূর্ণ পদটি পেয়েছিলেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে। কমিশন আরও দাবি করেছে, সায়মার একসময়ের নেতৃত্বাধীন সংস্থা ‘সূচনা ফাউন্ডেশন’-এর জন্য বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ২৮ মিলিয়ন ডলার অনুদান হিসেবে জোগাড় করা হয়েছিল। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন হাসিনাকন্যা।