আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের জন্য বড় আর্থিক সুবিধার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের এক সম্মেলনে তিনি বলেন, কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেট—দুই কক্ষের নিয়ন্ত্রণ তাঁর দল ধরে রাখতে পারলে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে ‘ডিভিডেন্ট’ দেওয়া হবে। ট্রাম্প এই প্রস্তাবের নাম দিয়েছেন ‘ট্রাম্প ডিভিডেন্ট’।

তবে এই অর্থ পাওয়ার ক্ষেত্রে একটি শর্তও রয়েছে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ডিভিডেন্টের টাকা শুধু আমেরিকার মধ্যেই খরচ করতে হবে, বিদেশে নয়।

তবে এই ঘোষণা বাস্তবে কতটা সম্ভব, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কোটি কোটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দিতে গেলে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রয়োজন হতে পারে। সেই বিপুল অর্থের জোগান কোথা থেকে আসবে, তা স্পষ্ট করেননি ট্রাম্প।

কারা এই সুবিধা পাবেন, সে বিষয়েও বিস্তারিত মানদণ্ড জানানো হয়নি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন হয়। এতে প্রতিনিধি পরিষদের সব আসন এবং সেনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনের জন্য ভোট হয়। পাশাপাশি বিভিন্ন রাজ্যে গভর্নরসহ স্থানীয় পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়।