পুবের কলম ওয়েবডেস্ক, ইরানের সঙ্গে চলা যুদ্ধ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরেই শেষ হয়ে যাবে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত একটি সুরক্ষিত স্থাপনায় হামলার হুমকিও দিয়েছেন তিনি। এর মধ্যেই হরমুজ প্রণালি ও লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরেই রয়েছে।

বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, নভেম্বরের নির্বাচনের পর যুদ্ধ দ্রুত শেষ হবে।

তাঁর দাবি, ইরান আর দীর্ঘ দিন লড়াই চালিয়ে যেতে পারবে না এবং মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচনে প্রভাব ফেলতেই তেহরান সংঘাত দীর্ঘায়িত করার চেষ্টা করছে। তবে একই দিনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, উপরাষ্ট্রপতি জে ডি ভ্যান্স এবং বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো-সহ হোয়াইট হাউসের কয়েক জন শীর্ষ উপদেষ্টা ট্রাম্পকে ব্যক্তিগত ভাবে সতর্ক করেছেন যে যুদ্ধ তাঁর প্রেসিডেন্ট পদে থাকার শেষ সময়, অর্থাৎ ২০২৯ সালের জানুয়ারি পর্যন্তও গড়াতে পারে। ওই খবর স্বাধীন ভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নিয়েও সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প।

নাতানজের ক্ষতিগ্রস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত পাহাড়ি এই এলাকায় মাটির গভীরে দুটি সুদৃঢ় সুড়ঙ্গ-ভিত্তিক স্থাপনা রয়েছে। সেখানে ফের কোনও তৎপরতা নজরে পড়লে কঠোর হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান অবশ্য বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত।

এদিকে বুধবার হরমুজ প্রণালির কাছে ১০টি জাহাজে হামলার দাবি করেছে ইরান।

এর আগে পাঁচটি ইরানি তেলবাহী জাহাজ ধ্বংস করার কথা জানিয়েছিল আমেরিকা। নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় হরমুজ দিয়ে জাহাজ চলাচলও কমেছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক জাহাজ-পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, বুধবার মাত্র সাতটি জাহাজ প্রণালিটি পার হয়েছে—১০ দিনের গড়ের প্রায় অর্ধেক।

অন্যদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘর্ষও বেড়েছে। সৌদি জোটের দাবি, সাম্প্রতিক হুথি হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের চারটি শহরে অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়ছে।