পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর সময় মণ্ডপের বাইরে বামেদের বইয়ের স্টল নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মণ্ডপের বাইরে কমিউনিস্টরা যে বুকস্টল করেন, সেখানে ‘শারদোৎসব’-এর বদলে ‘দুর্গাপুজো’ কথাটি বাধ্যতামূলকভাবে লিখতে হবে। তা না লিখলে স্টল তৈরির অনুমতি মিলবে না। বিধানসভায় দাঁড়িয়ে সমস্ত পুজো কমিটির কাছে মুখ্যমন্ত্রী এই আবেদনই রেখেছেন।

রাজ্যে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনে দুর্গাপুজোকে ধর্মীয় গণ্ডি থেকে বের করে সার্বিক ‘শারদোৎসব’ বা বাঙালির উৎসব হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল। বামেরা তাদের দলীয় পত্রপত্রিকাতেও মূলত এই শব্দটিই ব্যবহার করে থাকে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, একশ্রেণির অধ্যাপক ও তথাকথিত বামপন্থীরা বেছে বেছে সনাতনী সংস্কৃতি ও গেরুয়াকে টার্গেট করে আক্রমণ করছেন। তিনি হুঁশিয়ারি দেন, সনাতন ধর্ম এবং গেরুয়ার বিরোধিতা করলে আগামী দিনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর সাফ কথা, পুজোয় বই বিক্রিতে কোনও আপত্তি নেই, কিন্তু এটি যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান তা মেনেই স্টল দিতে হবে।

প্রসঙ্গত, ১৯৫৪ সালে মুজফ্ফর আহমেদের উদ্যোগে পার্ক সার্কাসে প্রথমবার পুজোর সময় মার্কসীয় সাহিত্যের স্টল দেওয়া শুরু করে বামফ্রন্ট। ধর্মকে সরাসরি না মানলেও পুজোর ভিড়কে কাজে লাগিয়ে নিজেদের আদর্শ প্রচার এবং জনসংযোগই তাদের মূল লক্ষ্য। তবে এবার সেই চিরাচরিত বুকস্টল দেওয়া নিয়েই কড়া অবস্থান নিল রাজ্য সরকার।