পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বইয়ের চেম্বুর এলাকার পাঞ্জরাপোল থেকে প্রায় ২০টি বিড়ালের ক্ষতবিক্ষত ও বিকৃত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পশুদের ওপর এই চরম ক্রুরতা ও নৃশংসতার খবর সামনে আসার পর এফআইআর দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। স্থানীদের মতে, মৃত বিড়ালগুলোর শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে অত্যন্ত নির্মম শারীরিক নির্যাতন চালিয়ে সেগুলোকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান।

স্থানীয় পশু কল্যাণকর্মী রুবিনা পাঠান আগস্ট মাসে পাঞ্জরাপোল এলাকায় প্রথম কয়েকটি বিড়ালের বিকৃত মৃতদেহ উদ্ধার করেন। কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ৪ সেপ্টেম্বর এলাকায় এক সঙ্গে ৬টি বিড়ালের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ৫ সেপ্টেম্বর আরও ১টি বিড়ালের মৃতদেহ এবং চরম শারীরিক আঘাতপ্রাপ্ত ১টি ছানাকে উদ্ধার করা হয়।

পরপর বিড়াল হত্যার এই ঘটনায় পশুপ্রেমী সংগঠন ‘পিইটিএ ইন্ডিয়া’ উদ্ধারকারী রুবিনা পাঠানকে আইনি সহায়তা প্রদান করে এবং আরসিএফ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করতে সাহায্য করে।
 
পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ নম্বর ধারা এবং ‘প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট’ (পশু নির্যাতন প্রতিরোধ আইন)-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করেছে। পশু কল্যাণকারী সংস্থাগুলোর মতে, পশুদের ওপর এই ধরণের ধারাবাহিক নির্যাতন গুরুতর সামাজিক অপরাধ মানসিকতার বহিঃপ্রকাশ। অপরাধীকে দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।