পুবের কলম ওয়েব ডেস্ক: ঝাড়খণ্ডে এক ব্যবসায়ী খুনের ঘটনার তদন্তে নেমে কলকাতার এক ট্রাফিক সার্জেন্টের জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। ওই খুনের ঘটনায় ধৃত এক অভিযুক্তের সঙ্গে বেলেঘাটা ট্রাফিক গার্ডে কর্মরত ওই সার্জেন্টের যোগাযোগের প্রমাণ মিলেছে। এই ঘটনার সূত্র ধরেই ওই পুলিশ আধিকারিক এবং এক সিভিক ভলান্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করতে ঝাড়খণ্ড পুলিশের একটি তদন্তকারী দল কলকাতায় এসে পৌঁছেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ অগস্ট ঝাড়খণ্ডের সরায়কেলার বাসিন্দা নিখার সবলোক নামের এক ব্যবসায়ীকে খুন করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই খুনের ছক কষা হয়েছিল। অভিযোগ পেয়ে ঝাড়খণ্ড পুলিশ তদন্তে নামে এবং ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছ'জনকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার সময়েই তদন্তকারীদের হাতে কলকাতার ওই ট্রাফিক সার্জেন্টের সঙ্গে যোগাযোগের বিষয়টি উঠে আসে।
এই সূত্র ধরে ঝাড়খণ্ড পুলিশের দলটি কলকাতায় এসে সংশ্লিষ্ট সার্জেন্ট এবং সিভিক ভলান্টিয়ারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
গোটা তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিংও করা হচ্ছে। খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত ঠিক কী কারণে ওই সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাঁদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছিল এবং খুনের পরিকল্পনা সম্পর্কে তিনি আগে থেকে কিছু জানতেন কি না, এখন মূলত সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, এই গোটা ঘটনায় সিভিক ভলান্টিয়ারের ভূমিকা ঠিক কী ছিল, তা-ও অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জট ছাড়াতে ধৃত বাকি অভিযুক্তদেরও জেরা করা হচ্ছে।