পুবের কলম, নয়াদিল্লি: দিল্লির একটি বুথে ৭২৯ জন ভোটারের মধ্যে ৭২৮ জনের নামই বাদ দেওয়ার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রাজধানীর বেলা এস্টেটের একটি ভোটকেন্দ্রে তালিকাভুক্ত ৭২৯ জন ভোটারের মধ্যে ৭২৮ জনের নামই এসআইআর প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা পবন খেরা। চলমান ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর প্রক্রিয়াকে 'গরিব, পরিযায়ী ও পিছিয়ে পড়া মানুষের বিরুদ্ধে যুদ্ধ' বলে অভিহিত করেছেন তিনি।

পবন খেরা দাবি করেন, এই গণহারে নাম কেটে দেওয়া প্রমাণ করে যে এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্য কতটা ক্ষতিকর ও বিপজ্জনক। 

জানা গেছে, সংশ্লিষ্ট পোলিং অফিসাররা ক্ষতিগ্রস্ত ভোটারদের বাসস্থানকে 'অনুমোদিত নয়' হিসেবে বর্ণনা করে এই গণ-ছাঁটাই করছেন। তবে নির্বাচন কমিশনের নিজস্ব ম্যানুয়ালের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উল্লেখ করেন,"কমিশনের নিজস্ব নির্দেশিকা স্পষ্ট বলে যে— কেউ যদি শেড, ফুটপাত বা সরকারি খাস জমিতেও স্থায়ীভাবে বসবাস করেন, তবে সাধারণ বাসিন্দা হিসেবে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার যোগ্য।" কংগ্রেস নেতার দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াকে আগে সাধারণ মানুষের রেশন ও সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করতে ব্যবহার করা হয়েছে। বেলা এস্টেটের ঘটনাকে কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান জানান খেরা।