পুবের কলম ওয়েব ডেস্ক: শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত সভা ঘিরে ফের আইনি জটিলতা তৈরি হল। কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ শর্তসাপেক্ষে সভার অনুমতি দিলেও, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। পাশাপাশি, প্রস্তাবিত সভাস্থলটি নিয়ে আপত্তি জানিয়েছে জগন্নাথ মঠ কর্তৃপক্ষ। এর জেরে বৃহস্পতিবার শেষবেলায় উদ্যোক্তাদের তরফে এই সভা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এই মামলার পরবর্তী শুনানি হবে।
আগামী ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে তৃণমূলের কালীঘাট শিবিরের তরফে একটি মিছিল ও সভার পরিকল্পনা করা হয়েছিল। পুলিশের অনুমতি না মেলায় হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। বৃহস্পতিবার সকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ মিছিলের অনুমতি বাতিল করলেও, মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত সর্বোচ্চ দু'হাজার জমায়েত নিয়ে শর্তসাপেক্ষে সভার অনুমতি দেয়।
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলার শুনানিতেই জগন্নাথ মঠ কর্তৃপক্ষ আদালতকে জানায়, ওই জায়গাটি মন্দির কমিটির এবং সেখানে রাজনৈতিক সভা করার নিয়ম নেই।
আদালত উদ্যোক্তাদের কাছে জানতে চায়, এই কর্মসূচি আগামী সপ্তাহে করা সম্ভব কি না। জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সভার দিন পরিবর্তন করতে তাঁদের কোনও সমস্যা নেই। জানা গিয়েছে, শুক্রবারের শুনানিতে সভার বিকল্প জায়গা নিয়ে নিজেদের অবস্থান জানাবে রাজ্য। পাশাপাশি, পুলিশি হেনস্থার অভিযোগ তুলে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার সুযোগ পাবেন মামলাকারী অসিত মজুমদার।