পুবের কলম ওয়েব ডেস্ক: শীর্ষ আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হতেই গ্রেফতার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত। বৃহস্পতিবার দুপুরে কড়া পুলিশি পাহারায় অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। জানা গিয়েছে, চিকিৎসার কারণে অভিষেক নিজে বর্তমানে বিদেশে রয়েছেন।

এদিন সিআইডি আধিকারিকরা কালীঘাটের ওই বাড়িতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের সাময়িক বচসা ও ধস্তাধস্তি হয়।

এরপর গেট খুলে ভিতরে ঢুকে সুমিতকে গ্রেফতার করে সোজা ভবানী ভবনে নিয়ে যান তদন্তকারীরা। সিআইডি সূত্রে খবর, শালবনির জমি দুর্নীতি মামলায় শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে। এর আগে কলকাতা হাই কোর্টে সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর রক্ষাকবচ বাতিল করে দেয়।
প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানায়, পর্যাপ্ত সুযোগ দেওয়া হলেও সুমিত তদন্ত প্রক্রিয়ায় একেবারেই সহযোগিতা করেননি।

আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, কেবল জুন মাসেই সুমিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা পড়েছে। সব মিলিয়ে তাঁর অ্যাকাউন্টে জমা হওয়া টাকার পরিমাণ প্রায় ১৫ কোটি। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তদন্তকারীরা। উল্লেখ্য, শালবনির এই জমি দুর্নীতির মামলাতেই মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।