উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বারুইপুরে তৃণমূল যুব নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বিস্ফোরণের তীব্রতায় দোতলা বাড়িটির একাংশ ভেঙে পড়ে। উড়ে যায় ঘরের চাল, দরজা-জানলা। এমনকি বিস্ফোরণের ধাক্কায় বাড়ির শাটার ও টিনের অংশ প্রায় ২০০ মিটার দূরে গিয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ ও বম্ব স্কোয়াড।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে বারুইপুর পূর্ববিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের উত্তরভাগ লালপোল সংলগ্ন এলাকায়। বিস্ফোরণের পর থেকেই বাড়িটিকে ঘিরে শুরু হয়েছে পুলিশি তল্লাশিশুক্রবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বম্ব স্কোয়াড।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িটির মালিক তৃণমূল যুব নেতা দ্বিজেন মণ্ডল। তৃণমূল সূত্রের দাবি,ওই এলাকায় যুব তৃণমূলের দায়িত্বে ছিলেন তিনি। তবে বর্তমানে তিনি বা তাঁর পরিবারের কেউ ওই বাড়িতে থাকেন না। স্থানীয়দের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই দ্বিজেন মণ্ডল এলাকা ছেড়ে রয়েছেন।বৃহস্পতিবার রাত প্রায় দুটো নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে দেখেন, বাড়িটির একাংশে আগুন জ্বলছে। বিস্ফোরণের অভিঘাতে দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে। ঘরের চাল, দরজা ও জানলা ছিটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। পরে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।বিস্ফোরণের তীব্রতা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তাঁদের দাবি, বাড়ি থেকে উড়ে যাওয়া লোহার শাটার ও টিনের অংশ সামনের একটি বাড়িতে গিয়ে পড়ে। একটি বাড়ির গ্রিলও বেঁকে যায় বলে অভিযোগ। দেওয়ালের ভাঙা অংশও বেশ কিছুটা দূরে গিয়ে পড়েছে বলে স্থানীয়দের দাবি। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনওহতাহতের খবর নেই।এদিকে,বিস্ফোরণের পিছনে বোমা মজুত থাকার অভিযোগ তুলেছে বিজেপি। বারুইপুর পূর্ব ২ নম্বর বিজেপি মণ্ডলের সভাপতি দীপঙ্কর কর্মকারের অভিযোগ, ওই বাড়িতে আগে থেকেই প্রচুর বোমা মজুত করা হয়েছিল। তাঁর দাবি, বিষয়টি পুলিশকে জানানো হলেও যথাযথ তল্লাশি হয়নি। বিস্ফোরণের ঘটনারপর তিনি গোটা বিষয়টির তদন্তের পাশাপাশি এনআইএ তদন্তেরও দাবি তুলেছেন।দীপঙ্কর কর্মকারের অভিযোগ, অতীতে এলাকায় সন্ত্রাসের বিভিন্ন কর্মকাণ্ডের প্রস্তুতি ওই বাড়ি থেকেই নেওয়া হত। তাঁর দাবি, দ্বিজেন মণ্ডলের নেতৃত্বেই এসব কর্মকাণ্ড চলত।বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক বিভাস সরদারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।বিস্ফোরণের খবর পেয়ে শুক্রবার সকাল থেকেই বাড়িটিকে ঘিরে তল্লাশি শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ও বম্ব স্কোয়াড। বাড়ির ভিতরে বা আশপাশে আরও কোনও বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে বিস্ফোরণ ঘটল, বাড়িতে আদৌ কোনও বিস্ফোরক মজুত ছিল কি না এবং বিস্ফোরণের প্রকৃত কারণ কী—তা তদন্ত করে দেখা হচ্ছে।
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অতীশ বিশ্বাস জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পরই বিস্ফোরণের প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।