পুবের কলম ওয়েব ডেস্ক: বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দুপুরে তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। দলীয় নেতার পাশে থাকার বার্তা দিয়ে এ দিন আদালতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পুলিশের এই পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক’ এবং ‘ফ্যাসিবাদী আগ্রাসন’ বলে তীব্র নিন্দা করেছেন তিনি।
দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দিয়ে সম্প্রতি বিতর্কে জড়ান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই তৎপর হয় ভবানীপুর থানার পুলিশ। প্রকাশ্যে হেনস্থা, শান্তিভঙ্গ এবং ধর্ম ও জাতির ভিত্তিতে ঘৃণা ছড়ানোর মতো একাধিক গুরুতর অভিযোগে প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েক জন কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপর বুধবার রাতে ক্ষেত্রমোহন নস্কর লেনের বাড়ি থেকে অতনু দাসকে গ্রেফতার করে পুলিশ।