পুবের কলম ওয়েবডেস্ক :
চিনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কারখানায় জাহাজ মেরামতকালে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চিনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্রে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। রয়টার্স জানিয়েছে, ওই ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটে কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে।
সংবাদ সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও জোরালো অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সিনহুয়ার প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি ’ হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। দুর্ঘটনার সময় এটি মেরামতের জন্য কিংদাওয়ের ওই শিপইয়ার্ডে অবস্থান করছিল। শিপইয়ার্ডটি চিনের রাষ্ট্রীয় মালিকানাধীন বড় এক কোম্পানির অধীন।