অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের ব্রিটেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত-সহ আট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। একই সঙ্গে ইসরাইলি বসতির সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
আরও পড়ুন:
বুধবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায় কাতার, তুরস্ক, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। তাঁদের বক্তব্য, ব্রিটেনের পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়কে একই ধরনের ব্যবস্থা নিতে উৎসাহিত করবে।
আরও পড়ুন:
এর আগে মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং এসব বসতির সঙ্গে লেনদেন নিষিদ্ধ করার ঘোষণা দেন। পরে কানাডা, ফ্রান্সসহ একাধিক ইউরোপীয় দেশও ইসরাইলি বসতি থেকে পণ্য বাণিজ্যে বিধিনিষেধ আরোপের কথা জানায়।
আরও পড়ুন:
যৌথ বিবৃতিতে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরাইলি বসতি স্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি বসতি স্থাপন বন্ধ এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক চরিত্র পরিবর্তনের সব পদক্ষেপ প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তাঁরা।