পুবের কলম, নয়াদিল্লি: উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক এবং বিধানপরিষদ সদস্যদের আজীবন পেনশন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত রাজ্য সরকারের আইনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানি শেষে রাজ্য সরকারের মতামত ও জবাব তলব করল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই ইস্যুতে উত্তরপ্রদেশ সরকারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নোটিশ জারি করে পরবর্তী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে তাদের বক্তব্য পেশ করার নির্দেশ দিয়েছেন।
 
চলতি বছরের মে মাসে ইলাহাবাদ হাইকোর্ট ‘উত্তরপ্রদেশ রাজ্য আইনসভা (সদস্যদের ভাতা ও পেনশন) আইন, ১৯৮০’-র সাংবিধানিক বৈধতা বহাল রেখে মামলাটি খারিজ করে দেয়।

'লোক প্রহরী' নামে একটি অলাভজনক সংস্থা (এনজিও) এই আইনের অধ্যায় ৮ সহ একাধিক ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বেসরকারি সংস্থাটি।
 
গত ১৩ মে, ইলাহাবাদ হাইকোর্ট জনস্বার্থ মামলাটি খারিজ করার সময় পর্যবেক্ষণ করে, প্রাক্তন জনপ্রতিনিধিদের পেনশন ও ভাতা দেওয়া নীতিগত সিদ্ধান্তের অংশ। আদালত জানায়, প্রাক্তন বিধায়কদের একটি বিশেষ শ্রেণি হিসেবে গণ্য করা যায় এবং তাঁদের এই সুযোগ-সুবিধা প্রদান কোনোভাবেই অসাংবিধানিক বা নীতিবহির্ভূত নয়। এর আগে ২০১৮ সালের ‘লোক প্রহরী বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া’ মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়কেও হাইকোর্ট তাদের সিদ্ধান্তের সমর্থনে তুলে ধরেছিল।