পুবের কলম ওয়েব ডেস্ক: সপ্তাহে পাঁচ কর্মদিবসের দাবিতে শুক্রবার এক দিনের ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (এআইবিওসি)। শুক্রবারের এই ধর্মঘটের পর শনি ও রবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি থাকে। ফলে সব মিলিয়ে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্গাপুজোর ঠিক মুখে এমন টানা ছুটির কারণে ব্যাঙ্ক লেনদেন এবং এটিএম পরিষেবা ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে পারে।
সংগঠনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২০২৪ সালে বেতন সংশোধনের সময় সপ্তাহে পাঁচ দিন কাজের বিষয়ে সরকারের সঙ্গে তাঁদের একটি লিখিত চুক্তি হয়েছিল। কিন্তু দীর্ঘ আড়াই বছর পার হয়ে গেলেও আইনি জটিলতার অজুহাতে তা এখনও বাস্তবায়িত হয়নি। সরকারের এই টালবাহানায় ধৈর্য হারিয়েই ব্যাঙ্ক অফিসাররা ধর্মঘটের পথ বেছে নিয়েছেন। উল্লেখ্য, শুধু সরকারি ব্যাঙ্ক নয়, বহু বেসরকারি ব্যাঙ্কের অফিসাররাও এই সংগঠনের সদস্য। তাই শুক্রবার সরকারি ব্যাঙ্কের পাশাপাশি একাধিক বেসরকারি ব্যাঙ্কেও পরিষেবা বিঘ্নিত হতে পারে।
এদিনের ধর্মঘটের পরও সরকারের হুঁশ না ফিরলে আগামী দিনে আরও কড়া আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এআইবিওসি। সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না করা হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘট করা হবে। তাতেও সরকার কোনও ইতিবাচক সিদ্ধান্ত না নিলে, আগামী ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক অফিসারদের এই সংগঠন।