পুবের কলম প্রতিবেদক: মনরেগার ভুয়ো জব কার্ডের তালিকায় শীর্ষে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশ। লোকসভায় পেশ হওয়া সরকারি তথ্য অনুযায়ী, যোগীর রাজ্যে ভুয়ো জব কার্ডের সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার ৪৬৪। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ দীপক অধিকারির (দেব) লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাদভি নিরঞ্জন জ্যোতি লোকসভায় তথ্য পেশ করে জানিয়েছেন, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৪৬৪। শুধু তাই নয়, ওই তথ্য অনুযায়ী, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতেও উত্তরপ্রদেশের মতই ভুয়ো জব কার্ডের ছড়াছড়ি। প্রায় সব বিজেপি শাসিত রাজ্যগুলিই তালিকার প্রথম দিকে রয়েছে।

এমনকি, বিজেপির জোটসঙ্গী বিজেডি শাসিত উড়িষ্যাতেও ভুয়ো জবকার্ডের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৩৩৩।

অন্যদিকে, আরেক বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা ২৭ হাজার ৮৫৯ এবং অসমে এই পরিসংখ্যান প্রায় ৭ হাজার ৯৮৮। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে অনেক পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। অথচ, পশিমবঙ্গের বিরুদ্ধেই বারংবার, ভুয়ো জব কার্ড-সহ একাধিক ইসুকে হাতিয়ার করেছে কেন্দ্র। দেওয়া হয়নি রাজ্যের জন্য বরাদ্দ অর্থ। এদিকে, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ ভুয়ো জবকার্ডের শীর্ষ তালিকায় থাকা সত্ত্বেও, উত্তরপ্রদেশে ১০০ দিনের কাজের কোন টাকা আটকানো হয়নি কেন্দ্রের তরফে।