পুবের কলম, ওয়েবডেস্ক: আসামের গোলাঘাট জেলায় রাষ্ট্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি-র ভূগর্ভস্থ পাইপলাইন কেটে অপরিশোধিত খনিজ তেল চুরির চক্রে জড়িত থাকার অভিযোগে সারুপাথার-এর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দ্বিপেন পাতোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তদন্তে সংগৃহীত তথ্য ও তথ্যাদির ভিত্তিতেই এই উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়। গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্নীল ডেকা এএনআই-কে জানিয়েছেন, "তদন্তে উঠে আসা স্পষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতেই দ্বিপেন পাতোরকে গ্রেফতার করেছে পুলিশ।"
পুলিশি তদন্তে উঠে এসেছে, সারুপাথারে ওএনজিসি-র পাইপলাইন ফুটো করে তেল চুরিতে জড়িত দুষ্কৃতী দলকে সরাসরি উৎসাহ দিতেন এসডিপিও দ্বিপেন পাতোর।
আসাম পুলিশের প্রাথমিক অনুমান, সারুপাথার থেকে চুরি করা অপরিশোধিত খনিজ তেল অবৈধভাবে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে পাচার করা হতো। এই চক্রের সাথে যুক্ত অন্যান্য অভিযুক্তদের সন্ধান পেতে এবং পাচার নেটওয়ার্ক ধ্বংস করতে আসাম পুলিশ খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে বিশেষ অভিযান চালাবে বলে জানিয়েছে। তদন্ত এখনও জারি রয়েছে এবং এই আন্তঃরাজ্য তেল চুরি চক্রের সঙ্গে যুক্ত আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করার সম্ভাবনা রয়েছে।