পুবের কলম ওয়েব ডেস্ক: শনিবার থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে দু'দিনের অষ্টাদশ ব্রিকস সম্মেলন। এই মহাসম্মেলনে যোগ দিতে শুক্রবারই ভারতে এসে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গালওয়ান সংঘাতের পর এই প্রথমবার ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর পাশাপাশি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আবহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার উপস্থিতি এই সম্মেলনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

সম্মেলন শুরুর আগে শুক্রবার সমাজমাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আশা প্রকাশ করেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে এই মঞ্চে বিশ্বকল্যাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থবহ আলোচনা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, আমেরিকার একতরফা শুল্ক নীতি এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে এই সম্মেলনে ভারত, চিন ও রাশিয়ার মতো তিন মহাশক্তির কাছাকাছি আসা ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তি বাড়াতে পারে। বৈশ্বিক সংকট মোচনে ব্রিকস সম্মেলন নতুন কোনও দিশা দেখাতে পারে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।