পুবের কলম ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। সরকারি সূত্রের খবর, এই হাই-প্রোফাইল বৈঠকেই মস্কোর প্রস্তাব মেনে যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৫৭’ তৈরির বিষয়টি চূড়ান্ত হতে পারে।

গত মার্চ মাসে সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতে ‘এসইউ-৫৭’ যুদ্ধবিমান যৌথভাবে উৎপাদনের প্রস্তাব দিয়েছিল রাশিয়া। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মোদির আমেরিকা সফরের সময় ভারতকে ‘এফ-৩৫এ’ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।

তবে বৈশ্বিক টানাপোড়েনের মধ্যে শেষ পর্যন্ত আমেরিকা নয়, দীর্ঘ ছ’দশকের পুরোনো সামরিক সহযোগী রাশিয়ার উপরেই ভরসা রাখছে নয়াদিল্লি।

এই বৈঠকে বাণিজ্য ও জ্বালানির পাশাপাশি ভারতীয় বায়ুসেনার ব্যবহৃত সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানকে আধুনিকীকরণ করে 'সুপার সুখোই'-তে রূপান্তরিত করার চুক্তিটিও চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপার সুখোই প্রকল্পে পুরনো বিমানগুলিতে দেশীয় প্রযুক্তির উন্নত রাডার, ককপিট ও এভিওনিক্স যুক্ত করে সেগুলিকে পঞ্চম প্রজন্মের সমকক্ষ করে তোলা হবে। এর ফলে বিমানগুলি শত্রুর রাডার সহজে ফাঁকি দিয়ে ব্রহ্মস বা রুদ্রমের মতো আধুনিক ক্ষেপণাস্ত্র বইতে পারবে।

যুদ্ধবিমান ছাড়াও রাশিয়ার থেকে আরও এস-৪০০ ট্রায়াম্ফ এবং পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়েও দুই রাষ্ট্রনেতার আলোচনা হতে পারে। পন্টসার হলো স্বয়ংক্রিয় রাডার, মিসাইল ও বিমানবিধ্বংসী কামান যুক্ত একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, যা ২০ থেকে ৩৬ কিলোমিটার দূরের যুদ্ধবিমান, ড্রোন বা ক্রুজ মিসাইল নিমেষে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম।