পুবের কলম ওয়েব ডেস্ক: শালবনির জমি দুর্নীতি মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে আট দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল মেদিনীপুর জেলা আদালত। সিআইডির আর্জি মেনে শুক্রবার বিচারক এই নির্দেশ দেন। আগামী ১৯ সেপ্টেম্বর তাঁকে ফের আদালতে হাজির করানো হবে।
তদন্তে অসহযোগিতার কারণে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট সুমিতের রক্ষাকবচ ও আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।
শুক্রবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে সুমিতকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। এ দিন তাঁর আইনজীবী জামিনের কোনও আবেদন করেননি। সিআইডি জানিয়েছে, এই জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা-সহ চার জনের নামে আগেই চার্জশিট দেওয়া হয়েছে। তদন্তকারীদের দাবি, সুমিতকে নিজেদের হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এর পর এই মামলায় তাঁর নাম যুক্ত করে আদালতে একটি অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে।