পুবের কলম ওয়েব ডেস্ক: টানা ২৩ ঘণ্টার ঘেরাও শেষে 'চোর-চোর' স্লোগানের মধ্যে দিয়ে সুরেন্দ্রনাথ আইন কলেজ ছাড়লেন উপাধ্যক্ষ মহম্মদি তরন্নুম। শুক্রবার পুলিশের পাহারায় কলেজ থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেন, দীর্ঘক্ষণ তাঁকে বিদ্যুৎ ও পানীয় জল ছাড়া আটকে রেখে জোর করে পদত্যাগপত্রে সই করানো হয়েছে। তিনি মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রীর কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:
উপস্থিতির হার ৪০ শতাংশের নীচে থাকায় বেশ কিছু পড়ুয়াকে এ বছর পরীক্ষায় না বসতে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদেই বুধবার থেকে বিক্ষোভ শুরু হয়।
পড়ুয়াদের পালটা দাবি, কলেজে নিয়মিত ক্লাস হত না। উপরন্তু ভোর সাড়ে ৬টায় ক্লাস শুরু হওয়ায় মেট্রো না পেয়ে অনেকেই উপস্থিত থাকতে পারেননি। বৃহস্পতিবার সেমেস্টারের ফর্মপূরণ প্রক্রিয়া স্থগিত করে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং উপাধ্যক্ষকে ঘেরাও করেন পড়ুয়ারা।আরও পড়ুন:
উপাধ্যক্ষের অভিযোগ, দিনের পর দিন তাঁকে নানাভাবে হেনস্থা করা হয়েছে এবং এই ঘেরাও চলাকালীন তিনি প্রশাসনের কোনও সাহায্য পাননি। তবে পুলিশের দাবি, বৃহস্পতিবার রাত থেকেই কলেজের বাইরে বাহিনী প্রস্তুত ছিল।
কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফে তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি বা উদ্ধারের অনুরোধ জানানো হয়নি। শুক্রবার সকালে উপাধ্যক্ষের ই-মেল পাওয়ার পরেই পুলিশ তাঁকে বের করে আনে এবং শারীরিক পরীক্ষার ব্যবস্থা করে।এ দিকে, উপাধ্যক্ষ ইস্তফা দিয়ে কলেজ ছাড়ার পরেই আন্দোলনকারী পড়ুয়াদের উল্লাস করতে দেখা যায়। ধূপ জ্বালিয়ে এবং গঙ্গাজল ছিটিয়ে তাঁরা কলেজ ভবনের ‘শুদ্ধিকরণ’ করেন। পড়ুয়াদের দাবি, উপাধ্যক্ষের বিদায়ের মধ্যে দিয়ে তাঁদের কলেজ এত দিনে পাপমুক্ত হল।