আন্তর্জাতিক রাজনীতিতে যখন একের পর এক সংঘাত ও কূটনৈতিক টানাপড়েন বাড়ছে, তখন দিল্লিতে ব্রিকস বিজনেস সামিটের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একসঙ্গে দেখা গেল। একটি ছবিতে পেজেশকিয়ানের হাত শক্ত করে ধরে এগিয়ে যেতে দেখা যায় মোদীকে। পাশে ছিলেন পুতিন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।


কারণ, ইরান বর্তমানে পশ্চিম এশিয়ার সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়া দীর্ঘদিন ধরে পশ্চিমী নিষেধাজ্ঞার মুখে রয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গে একই মঞ্চে মোদীর উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও ভারতের অবস্থান স্পষ্ট করেন মোদী।
সংঘাতের পরিবর্তে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে সওয়াল করেন তিনি। পাশাপাশি অসামরিক নাগরিক, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্রপথে অবাধ জাহাজ চলাচল বজায় রাখার ওপর জোর দেন। পুতিনের সঙ্গেও বৈঠকে একই বার্তা দেন প্রধানমন্ত্রী।
ব্রিকস বিজনেস ফোরামে পেজেশকিয়ানও নিষেধাজ্ঞা ও সামরিক চাপের সমালোচনা করেন। তাঁর বক্তব্য, কোনও দেশের বাণিজ্য, জ্বালানি, পরিকাঠামো বা আর্থিক ব্যবস্থার উপর রাজনৈতিক কিংবা সামরিক চাপ তৈরি হলে তার প্রভাব শুধু সেই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করে।